দেশব্যাপী টেলিকম নেটওয়ার্ককে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো শেয়ারিং চুক্তিতে একযোগে কাজ করবে দেশের শীর্ষ তিনটি প্রতিষ্ঠান—গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক এবং শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো। এই উদ্যোগ দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
চুক্তির আওতায় ইডটকো উভয় অপারেটরকে টাওয়ার অবকাঠামোর মাধ্যমে সহায়তা প্রদান করবে, যার ফলে সারাদেশে নেটওয়ার্ক কভারেজ সম্প্রসারণ সম্ভব হবে। একই অবকাঠামো ব্যবহারের ফলে কোম্পানিগুলো পরিচালনা ও নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি পাবে, দ্রুত সম্প্রসারণ সম্ভব হবে এবং কোটি কোটি গ্রাহকের সেবার মান উন্নত হবে। পাশাপাশি সেবা আরও সহজলভ্য হবে।
চুক্তিতে স্বাক্ষর করেছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রাহক আমাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এই সহযোগিতা সারাদেশে নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে এবং প্রতিদিন প্রদত্ত সেবার মান উন্নত করবে। একই টাওয়ার ব্যবহারের মাধ্যমে আমরা দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ ও নিরবচ্ছিন্ন সংযোগ দিতে পারব।”
টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী বলেন, “রাষ্ট্রায়ত্ত অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে মানসম্মত সেবা পৌঁছে দেওয়া। এই সহযোগিতা আমাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াবে।”
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “অপারেটরদের জন্য টেকসই সেবা প্রদান আমাদের অঙ্গীকার। এই চুক্তি আমাদের ভূমিকাকে আরও শক্তিশালী করবে এবং দেশের টেলিকম সংযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনটি প্রতিষ্ঠান মিলিতভাবে ডিজিটালি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, যাতে সাধারণ মানুষ উন্নত সংযোগ ও আধুনিক ডিজিটাল সেবার সুযোগ পায়। এই ত্রিপক্ষীয় চুক্তি সেই লক্ষ্যকে আরও সংহত করেছে।


























