খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পরে খুলনায় মিষ্টি বিতরণ করেছে ছাত্র জনতা। বিকেলে নগরীর শেরে বাংলা রোডে অবস্থিত পলাতক হাসিনার চাচা বাড়ি শেখবাড়িতে কয়েক শ’ বিক্ষোভকারী জমায়েত হয়। তারা বিভিন্ন দ্রব্যে আগুন জ্বালিয়ে শ্লোগানে শ্লোগানে এলাকা মুখর করে রাখে। তারা ভারতে পালিয়ে থাকা হাসিনা সহ সকল অপরাধীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানায়।
এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল ১১ টার পর থেকে শিববাড়ি মোড়ে জমায়েত ঘটতে থাকে। সেখানে হাসিনার ছবিতে থুথু ও জুতা নিক্ষেপ করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, “ফ্যাসিস্ট খুনী হাসিনার সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না—ইনশাআল্লাহ।”
অন্যদিকে রায় উপলক্ষে খুলনা মহানগরীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়। র্যাবের টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন।”



















