ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জহির উদ্দীন স্বপন বলেছেন, “প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং জনগণের শক্তির ঐক্যের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।”
শনিবার খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খানজাহান আলী থানা শাখার উদ্যোগে ফুলবাড়ী গেট চত্বরে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দীন স্বপন বলেন, “গত ১৭ বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল। দেশের মালিকানা জনগণের হাত থেকে কেড়ে নিয়ে একটি পরিবারের হাতে কুক্ষিগত করা হয়েছিল। কিন্তু এদেশের তরুণ ছাত্র-জনতা বিএনপির তৈরি করা জমিনের ওপর দাঁড়িয়ে সেই স্বৈরাচারকে ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দিয়েছে।”
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে স্বপন বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিকে আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এই ঘোষণার মাধ্যমে তিনি জনগণকে শঙ্কা থেকে মুক্তি দিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।”
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করে তিনি বলেন,
“যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার তালবাহানা করছেন, তারা শুনে রাখুন—যারা নির্বাচনের বিরোধিতা করবে, তারা শুধু গণতন্ত্রের শত্রু নয়, তারা দেশেরও শত্রু।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা,
সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,
খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়ছেদ আলী,
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান,সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস,সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।
বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান এবং সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক।



















