খুলনা অফিস || মিডিয়া জার্নাল
ফ্যাসিবাদী দু:শাসনের অবসান ঘটলেও গণমাধ্যমে সংস্কার না হওয়ায় সাংবাদিকদের বঞ্চনা হতাশা কাটেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের বিভেদ ও অনৈক্যের সুযোগ নিয়ে আর কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের নির্যাতন ও জুলুমের শিকার সাংবাদিকদেরকে পেশার মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য ইউনিয়নের গতিশীল নেতৃত্ব প্রয়োজন। সদস্যদের কেউ চাকরি হারালে তার কর্মসংস্থানের সৃষ্টি করে ইউনিয়নকে গতিশীল করা হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহ সভাপতি মো. রাশিদুল ইসলাম, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন এবং খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এমইউজে’র নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, সাইফুল ইসলাম বাবলু, এস এম মাহবুবুর রহমান, কে এম জিয়াউস সাদাত, স. ম. গোলাম মোস্তফা, শামসুল আলম খোকন, মো. জাকিরুল ইসলাম, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নুর প্রমুখ। সভায় ইউনিয়নকে আরও গতিশীল করতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।



















