খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
খুলনা মহানগরীর লবনচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— মহিতুন্নেছা (৫৫) এবং তার দুই নাতি পাপিয়া (৬) ও মুত্তাকীর(৮)। রোববার রাত সাড়ে ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদেরকে হত্যা করে পালিয়ে যায়।
লবনচরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হালাদার সানওয়ার হুসাইন মাছুম বলেন, “দুর্বৃত্তরা তিনজনকে হত্যা করেছে। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”
কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে অভিযান চালাচ্ছে।


















