কোন অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন,
“আগামী জাতীয় নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই। মানুষ
নির্বাচনমুখী- এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
শনিবার(১৫ নভেম্বর) বিকেলে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি খুলনার পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন। সেইসঙ্গে তিনি খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। আইজিপির সাথে এসময় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের আইজিপি জানান, পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে অতীতের সমালোচনা এড়াতে এবার প্রথমবারের মতো সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪- এই তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশ একা নয়; সমাজের সাধারণ মানুষ আমাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা- সবকিছু আমরা নজরদারিতে রেখেছি।” পুলিশের অতীত বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা পক্ষপাতিত্ব বা অনিয়মে জড়িত ছিলেন এবং সংশোধনযোগ্য নন- তাদের নির্বাচন ডিউটিতে রাখা হবে না। এসপি ও ডিআইজিরা সংশ্লিষ্টদের চিহ্নিত করছেন। নির্বাচনের আগে তাদের তালিকা করে নির্বাচনী ডিউটি থেকে বাদ রাখা হবে।”
বিচারহীন ‘গায়েবি মামলা’ প্রসঙ্গে তিনি জানান, নিরীহ ব্যক্তিদের দায়মুক্তি দিতে পুলিশ ইতোমধ্যে হাজারের বেশি মামলা পুনঃপর্যালোচনা করেছে ও করছে। সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ প্রসঙ্গে আইজিপি বলেন, সাংবাদিকদের উপর কোনো রকম বাধা দেওয়া হবে না। বরং আমরা উৎসাহিত করব আপনারা যেন স্বাধীনভাবে ভোটের নিউজ কাভার করতে পারেন।”
খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি স্বীকার করেন- এখানে জটিলতা রয়েছে। তবে বলেন, “আমরা অতীতের ন্যায় ক্রসফায়ার বা দমন-পীড়নের মাধ্যমে আইন-শৃঙ্খলা বজায় রাখতে চাই না। আইনের মধ্যে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।” নির্বাচন বানচালের অপশক্তি প্রসঙ্গে তিনি বলেন, “৪৩ হাজার কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্র অশান্ত হলেও নির্বাচন বন্ধ হবে না। কারণ অপশক্তি
নয়, জনগণই নির্বাচনকে সামনে এগিয়ে নিচ্ছে। জনগন এখন নির্বাচনমুখি। সুতরাং কারও শক্তি নেই নির্বাচনকে বানচাল করতে।”



















