খুলনা অফিস || মিডিয়া জার্নাল
বিশ^ দৃষ্টি দিবসে শতাধিক ব্যক্তিকে বিনামুল্যে সেবা দিয়েছে বিএনএসবি চক্ষু হসপিটাল। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাব চত্বরে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। বিএনএসবি চক্ষু হাসপাতালের দিনব্যাপি এ আয়োজনে সহযোগিতায় ছিল আন্তর্জাতিক দাতা সংস্থা সাইটসেভারস ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন।
এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনার তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী। সভায় বক্তৃতা করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম, ট্রেজারার হারুন আর রশিদ, ম্যানেজিং ট্রাস্টি ডা. মো. নজরুল ইসলাম, চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোস্তফা কামাল, সাইট সেভার্সের বনফুল চুমকি এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের আমিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা চোখের স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের আহ্বান জানান।



















