ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য ঘোষিত গণভোটের ধরন ও দিনক্ষণ দ্রুত স্পষ্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আখতার হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আখতার হোসেন বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি—জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির সামনে প্রকাশ করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের কথা বলা হয়েছে, সেই গণভোটের প্রশ্ন, ধরন ও দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে এই সনদটি জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হিসেবেই প্রণীত হচ্ছে।”
ঐকমত্য কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে এনসিপি সদস্য সচিব বলেন, “ঐকমত্য কমিশন যেন কোনো রাজনৈতিক চাপে বা দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ না করে। যারা সনদে স্বাক্ষর করেছেন, আমরা বিশ্বাস করি তাদের অধিকাংশই গণতন্ত্র ও সংস্কারের অভিন্ন লক্ষ্যেই কাজ করছেন।”
তিনি আরও বলেন, “জুলাই সনদকে কোনোভাবেই অতীতের জুলাই ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতা বা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টে পরিণত করা যাবে না।”
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে আখতার হোসেন বলেন, “আইনি ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট না হওয়ায় এনসিপি শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত ছিল।”
তিনি যোগ করেন, “ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। এখন সেই প্রস্তাবিত খসড়া উপস্থাপন করা হলে সব পক্ষই আশ্বস্ত হবে।”
শেষে তিনি বলেন, “জুলাই সনদ সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনবে। পরবর্তী সংসদকে সেই কাঠামোগত ক্ষমতার অধিকার দিয়েই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যা ২০২৬ সালের সংস্কারকৃত সংবিধান নামে অভিহিত হবে।”























