খুলনা অফিস || মিডিয়া জার্নাল
খুলনায় ওএমএস ডিলারের কাছে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বৈবিছাআ’র সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মীর আতাহার আলী ঘটনার সতত্য স্বীকার করে বলেন, ওএমএস ডিলারের কাছে চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
পুুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে জনৈক ডিলার ওএমএস’র পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯ টার দিকে ওই দু’জন যুবক এসে ডিলারের নিকট চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দু’জনকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দু’জনকে থানায় নিয়ে আসে।
সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে। তারা দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার নেতা ছিলেন। সংগঠনের শৃঙ্খল্ াবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৬ মার্চ তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়। আটককৃত আব্দুল্লাহ গত বছরের ১৯ ডিসেম্বর নগরীর হাজী মহসিন রোডে সংঘটিত সোহেল হত্যা মামলা চার্জশিটভুক্ত আসামী।



















