খুলনা অফিস || ভয়েজ অফ জাস্টিস
অসংখ্য গর্ত আর খানাখন্দে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযুক্ত মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা, উল্টে যাচ্ছে যানবাহন, বাড়ছে প্রাণহানি। বর্ষা নামলেই ডোবা পুকুরে রূপ নিচ্ছে ব্যস্ততম মহাসড়ক। প্যাঁচপ্যাঁচে কাঁদায় পায়ে হেটে চলাচল যেন জীবন হাতের মুঠোয় নিয়ে যাত্রা।
মাসের পর মাস দূর্বিষহ দশা চললেও টনক নড়েনা সড়ক বিভাগের। প্রতিবাদ জানাতে মহাসড়কে জমে থাকা জলে মাছের পোনা ছেড়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। শনিবার দুপুরে জিরোপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর নিসচার উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. সামিউল হক। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। এ সময় প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।
এ সময় বক্তারা বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। মাত্র ৫ বছর আগে ১৫০ কোটি টাকায় নির্মিত মহাসড়ক এখন যেন মরণফাঁদ। তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’ সড়ক নির্মাণ প্রকল্পটি ২০২০ সালের জুনে শেষ করে। এ মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটারের কোথাও ভাঙ্গা রাস্তা, কোথাও বড় বড় গর্ত, খানাখন্দ, আবার কোথাও কর্দমাক্ত জলাশয়। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, উল্টে যাচ্ছে যানবাহন, ঘটছে প্রাণহানি। অথচ এই ভোগান্তি থেকে পরিত্রাণের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চরম উদাসীনতা ও মোজাহার এন্টারপ্রাইজের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ করায় এ সড়কে তৈরি হয়েছে অবর্ণনীয় জনদুর্ভোগ। দায়সারা সড়ক নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী এখন একটি স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
তা না হলে অচিরেই সড়ক ভবন ঘেরাও কর্মসূচিসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন বক্তারা।



















