গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং সাংবাদিক সৌরভসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস প্রটেক্ট কমিটির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার জোর দাবি জানান। তাঁরা বলেন, সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকেরা জনগণের পক্ষে কাজ করে সমাজের সমস্যাগুলো সরকারের সামনে তুলে ধরেন। তাই সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা ও নির্যাতন দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র সভাপতি কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় কর্মসূচিতে এইচএম আলাউদ্দিন, মো: নুরুজ্জামান, আবুল হাসান হিমালয়, সুমন আহমেদ, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, ইয়াসিন আরাফাত রুমি প্রমুখ বক্তব্য রাখেন।



















