খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার বেলা পৌনে ১২ টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।
মানিক সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি কোর্ট প্রসিকিউশন মোঃ হুমায়ুন কবির। তার নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে।
তিনি বলেন, পৌনে ১২ টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩ নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময় মানিক উপস্থিত ওই পুলিশের কাছে সাহায্য চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের হয়।
সেনাবাহিনীর সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানান, মানিকের সাথে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
জানা গেছে, মানিক হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি’ কোম্পানীর সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের হাজিরার দিন ধার্য ছিল। তাদের কাউকে ঘায়েল করার জন্য সে এখানে এসেছিল বলে ধারণা করছেন কেউ কেউ।



















