খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রাজ (২৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকায় ঘটনাটি ঘটে। আহত যুবক ওই এলাকার বাসিন্দা শাহাজাহান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মাদক কারবার নিয়ে রাজের সাথে প্রতিপক্ষ হালিম ও বাবুর দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে ওই দু’যুবক। শুক্রবার রাতে সুযোগ পেয়ে হালিম ও বাবু চাপাতি ও রামদা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামন বলেন, মাদক কারবার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আহত যুবক রাজকে রাতে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু শারীরিক অবস্থা ভাল থাকায় খুলনায় ফিরিয়ে নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। থানায় ওই দু’জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।



















