কুয়েটের ডাইনিং থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার, ওয়ার্ড বয় মিরাজ আটক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র খানজাহান আলী হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয়ের রুম থেকে ১ কেজি ৬শ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে , দুই তিন দিন আগে পুলিশের কাছে তথ্য আসে মাদকের একটি বড় চালান কুয়েটে ঢুকানো হবে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ নজরদারিতে রাখে কয়েকজনকে। গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) বেলা ৩ টার দিকে এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল কুয়েটের খানজাহান আলী হলের ডাইনিংয়ে অভিযান চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিভিল পোশাকে এবং ইউনিফর্ম পোষাকধারী পুলিশ হল ঘিরে ফেলে। পরে হলের মধ্যে ডাইনিং এর ওয়ার্ড বয়দের রুমগুলোতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ওয়ার্ড বয় মিরাজ হাওলাদারের ট্রাংকের মধ্যে পলিথিনে রাখা ১ কেজি ৬শ ৫ গ্রাম গাঁজাসহ মিরাজ হাওলাদারকে আটক করে।
খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয় মিরাজের কাছ প্লাস্টিকের প্যাকেটে থাকা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট ও বাকী ৭০ প্যাকেট সাড়ে ১১ গ্রাম ওজনের। মিরাজকে গ্রেফতার করে খানজাহান আলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



















