জুলাই-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই-শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, কেসিসি’র প্রশাসক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাদজোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ^বিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তা-সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।



















