খুলনার রূপসা উপজেলায় বিএনপির সদস্য ফর্ম বিতরন নিয়ে দুই গ্রæপে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার আইচগাতীর যুগীহাটি কবিরের মোড়ে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের কবিরের মোড়ে বিএনপি’র অফিসের অভ্যন্তরে ওয়ার্ড কমিটির ফর্ম বিতরণ করাকে কেন্দ্র করে বিএনপি’র আজিজুল গ্রুপ ও মাসুদ গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ হামলে পড়ে। এতে তোয়েব, মাসুদ, অয়ন, শামসুর ও ধলা মিয়া আহত হন। আহতদের মধ্যে তোয়েবকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন তোয়েব জানান, এলাকায় যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা, জমি দখল, চোরাই তেলের কারবার করতেন, এখন তারা সবাই মৎস্যজীবী দল নেতা আজিজুলের ছত্রছায়ায়। আমি বিরোধিতা করতাম বলে আমার ওপর কয়েকদফা হামলা হয়। গতকাল আমাকে নির্মমভাবে কুপিয়েছে। আমার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির শীর্ষ নেতাদেরকে তিনি অভিযোগ করেছেন। পারিবারিকভাবে মামলার প্রস্ততি চলছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, ফর্ম তোলাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় কয়েকজন আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।



















