স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, জনগণের সেবায় দিনরাত ২৪ ঘন্টা কাজ করা বাহিনীই হলো পুলিশ। সচেতন হয়ে সেবাপ্রত্যাশীদের সহজে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। নিজেদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা অব্যাহত রাখাও আবশ্যক কাজ হিসেবে বিবেচনা করা দরকার।
তিনি শুক্রবার সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সিনিয়র সচিব বলেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে তারা সময়ের শ্রেষ্ঠ সন্তান। পরিবর্তিত সময়ে সাধারণ মানুষের ভোগান্তি যথাসম্ভব কমানোর চেষ্টা আমাদের মাঝে থাকা উচিত।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী।



















