বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে খুলনায় প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজ এর সম্মেলন কক্ষে অধ্যাপক একেএম আজিজুল হক এবং অধ্যাপক ডাঃ আব্দুস শাকুর খানের প্যানেলের উপস্থিতি এ অনুষ্ঠান হয়।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনার আয়োজনে আয়োজিত এ প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ ড্যাব এর সভাপতি ডাঃ শেখ আখতারুজ্জামান।
খুলনা মেডিকেল কলেজ ড্যাব এর সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর মোঃ সালেহ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি্ হিসেবে বক্তৃতা করেন ড্যাব এর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ড্যাব, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুস শাকুর খান ও ডাঃ মোঃ শাহজাহান আলী, ড্যাব খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোশারেফ হোসেন।
প্রধান অতিথি্র বক্তৃতায় ডাঃ এ কে এম আজিজুল হক বলেন, ”আমরা এমন একটি ড্যাব চাই যে ড্যাব সবাইকে নিয়ে একসাথে চলবে। এখানে কোন ভেদাভেদ, বিশৃঙ্খলা থাকবে না এবং এখানে একজন আরেকজনকে সাইজ করার রাজনীতি থাকবে না। আমি প্রেসিডেন্ট থাকাকালীন যেরকম ড্যাব ছিল সেরকম ভাবেই ড্যাবকে আবার গড়ে তুলতে চাই। আমাদের অতীতই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা অতীতে যদি ভালো কর্মকাণ্ড করে থাকি তাহলে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অতীতের কাজ দেখে যদি প্রমাণ হয় আমরা ভালো কাজ করেছিলাম তাহলেই আমাদের ভোট দেবেন। না হয় ভোট দেওয়ার দরকার নাই। বিভিন্ন সময় ড্যাবের বড় বড় অনুষ্ঠান হয়েছে। তখন কতজন লোক ছিল? কিন্তু এখনতো ডাবল চিকিৎসক হয়েছে। কিন্তু চিকিৎসকদের মধ্যে কি এখন সেই সম্প্রীতি, যোগাযোগ আছে? আপনারা তো ডিভিশন হয়ে গেছেন।”
কেন্দ্রীয় ড্যাবের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ”যে সকল জায়গায় সমস্যা হচ্ছে সেখানকার কমিটির মধ্যে সম্প্রীতি বজায় রখতে হবে। কিন্তু তারা তা করে নাই। আমরা এমন একটি ড্যাব চাই, যেটি হবে শক্তিশালী চিকিৎসা বান্ধব, সৎ ও ডাক্তারদের অধিকার আদায়ের একটি নির্ভরযোগ্য সংগঠন।



















