খুলনায় ভুয়া পুলিশ গ্রেফতার, হ্যান্ডকাফ-ওয়াকিটকি উদ্ধার
খুলনা ব্যুরো ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখিয়ে মানুষজনকে ভয়ভীতি দেখাতেন। গ্রেফতারের হুমকি দিয়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিতেন। এমন অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়াকিটকি ও স্টেইনলেস স্টিলের এক জোড়া হ্যান্ডকাফ। বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশের এক ইমেইল বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নগরীর গগন বাবু রোডের একটি বাসায় অভিযান চালিয়ে শাহেদ হোসেন (৩৩) ও জনি চৌধুরী (৪১) নামে দুজনকে গ্রেফতার করে। শাহেদের বাবা ইকবাল হোসেন, বাড়ি ২২/২ গগন বাবু রোড। অপরদিকে জনি খালিশপুর নেভি গেটের মৃত তৈয়ব আলীর ছেলে। তাদের বিরুদ্ধে খুলনা থানার মামলা হয়েছে।



















